বিনামূল্যে সদস্য হলেই মিলবে চোখের চিকিৎসায় বিশেষ ছাড়
বিনামূল্যে সদস্যপদ গ্রহণ করেই চোখের চিকিৎসায় বিশেষ ছাড় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এরিস্টো আই হাসপাতালে চক্ষুসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ লক্ষ্যে রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান (বিপ্লব)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্য প্রতিনিধিরা।
এরিস্টো আই হাসপাতালের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক।
সমঝোতা স্মারক অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।
চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীসমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে চক্ষু স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনভিত্তিক জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য ও টেকসই সামাজিক উন্নয়নবিষয়ক গবেষণা, জনসচেতনতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো নাগরিক www.aamranari.org ওয়েবসাইটে প্রবেশ করে জেনারেল বা সাধারণ ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনামূল্যে সদস্যপদ নিতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত ও সুবিধা অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের জন্য এরিস্টো আই হাসপাতালে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।