প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার
ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার উদ্যোগে সোমবার বৃহত্তর প্যারিসের বুলোন এলাকায় একটি চার তারকা হোটেলের বলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় আয়োজিত এ অনুষ্টানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার সঙ্গে ২০২৪ সালের আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বক্তারা।
সেমিনারের উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার পেছনের প্রেক্ষাপট এবং এর সঙ্গে নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা নতুন করে অনুধাবন করা প্রয়োজন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি নজমুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব ফয়সল আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী কবি ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার।
প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে নানা ব্যস্ততার মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসীদের এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান আলোচক ডা. জিন্নুরাইন জায়গীরদার বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সব সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম আমাদের প্রেরণা দিয়েছে। আমরা জাতি হিসেবে দ্রুত ভুলে যাই। নজরুলের মতো জাতির বড় ঘটনাগুলোও যেন আমরা দ্রুত ভুলে না যাই।’
সেমিনা্রে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, রফিকুল হক রাসেল, সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরী, সামাজিক সেবা দানকারী প্রতিষ্ঠান এইড-পয়েন্ট এর প্রতিষ্টাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদ, ফরাসী ভাষা অনুবাদক সৈয়দ ইরফান, আবদুল হাকিম, হেলাল আহমেদ, এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে এনটিভির প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের প্রতিনিধি জাফর ইকবাল, কালের কণ্ঠের সাংবাদিক তানভীর আহমদ তোহা, সাংবাদিক সরদার হাছান ইলিয়াস তানিম, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রুহুল আমীন সহ ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।