জুলাই গণঅভ্যুত্থানে ডিজিটাল প্রতিরোধ, আন্দোলনের তথ্য আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে পিনাকী ভট্টাচার্যের ভূমিকার বিশ্লেষণ

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের গ্রন্থে আলোচনায় ‘পিনাকী ফ্যাক্টর’

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের গ্রন্থে আলোচনায় ‘পিনাকী ফ্যাক্টর’

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজপথের আন্দোলন কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আন্দোলনের বিস্তার, জনমত গঠন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ডিজিটাল যোগাযোগমাধ্যম। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের তথ্য প্রচার, রাষ্ট্রীয় দমন-পীড়নের চিত্র তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের সংহতি সংগঠিত করার ক্ষেত্রে প্যারিসপ্রবাসী লেখক ও রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্যের ভূমিকা উঠে এসেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত একটি গবেষণাধর্মী গ্রন্থে। 

এমডি সাইদুল ইসলামের লেখা ‘দ্য অ্যানাটমি অব রিভোল্ট: দ্য জুলাই রেভল্যুশন অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক বইটির ১৪৩ থেকে ১৪৫ পৃষ্ঠায় ‘দ্য পিনাকী ফ্যাক্টর: অনলাইন ডিসেন্ট, ডায়াসপোরা মোবিলাইজেশন, অ্যান্ড ন্যারেটিভ পাওয়ার’ শিরোনামে এ বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। সেখানে লেখক বিশ্লেষণ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পিনাকী ভট্টাচার্যের অনলাইন কার্যক্রম কীভাবে বিচ্ছিন্ন প্রতিবাদ, ঘটনাপ্রবাহ ও তথ্যকে বৃহত্তর রাজনৈতিক বয়ানে যুক্ত করতে সহায়তা করেছিল। বইটির বিশ্লেষণে বলা হয়েছে, ইউটিউবভিত্তিক বক্তব্য, ভিডিও বিশ্লেষণ, সমসাময়িক ঘটনাবলির প্রতিক্রিয়া এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে পিনাকী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকল্প তথ্য ও ব্যাখ্যা তুলে ধরেন।

জটিল রাজনৈতিক ও আইনি বিষয় সহজবোধ্য ভাষায় উপস্থাপনের কারণে তাঁর বক্তব্য দেশের ভেতরের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছায়। আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পর দ্রুত ভিডিও প্রকাশ, স্থানীয় ভাষা ও উপভাষার ব্যবহার এবং রাজনৈতিক পরিস্থিতির তাৎক্ষণিক বিশ্লেষণ তাঁর অনলাইন কার্যক্রমকে আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য করে তোলে বলে উল্লেখ করেছেন লেখক।

আন্দোলনের দৃশ্যমানতা বাড়ানো এবং ঘটনাসংশ্লিষ্ট তথ্যপ্রমাণ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা বইটিতে গুরুত্ব পেয়েছে। আন্দোলনের ভিডিও, ছবি ও সংবাদ সংগ্রহ করে সেগুলো বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী ঘটনার দৃশ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে আন্দোলনের ঘটনাপ্রবাহকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতে তিনি সহায়তা করেন বলে গ্রন্থটিতে বিশ্লেষণ করা হয়েছে। এ ক্ষেত্রে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্রের প্রতিবেদন তুলে ধরার বিষয়টি স্থানীয় ঘটনাবলির বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছিল।

বইটিতে পিনাকী ভট্টাচার্যের কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি উঠে এসেছে। ফ্রান্সে অবস্থান করেও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বাইরে থাকা বাংলাদেশিদের প্রতিবাদ কর্মসূচি, দূতাবাসকেন্দ্রিক সমাবেশ, জনসমাবেশ ও স্মরণসভায় অংশগ্রহণের আহ্বান এবং পশ্চিমা নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার প্রচারে তিনি যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। 

এর মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলনের সঙ্গে ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগের একটি ক্ষেত্র তৈরি হয়। ফলে জুলাই গণঅভ্যুত্থান দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক জনপরিসরেও আলোচনার বিষয় হয়ে ওঠে। লেখক এমডি সাইদুল ইসলামের বিশ্লেষণে আরও উঠে এসেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগমাধ্যম একই সঙ্গে আন্দোলন সংগঠনের মাধ্যম এবং জনমত তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করেছে। 

মূলধারার গণমাধ্যমের ওপর চাপ এবং তথ্যপ্রবাহে সীমাবদ্ধতার পরিস্থিতিতে বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম আন্দোলনের ঘটনাবলি প্রচারে বিশেষ ভূমিকা রাখে। পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে দুর্নীতিবিরোধিতা, দায়মুক্তির সংস্কৃতির বিরোধিতা এবং নাগরিক অধিকারের প্রশ্ন গুরুত্ব পেয়েছিল। লেখকের মতে, এসব বিষয় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ন্যায়বিচার এবং অধিকারভিত্তিক দাবির সঙ্গে একটি সংযোগ তৈরি করেছিল। তবে গ্রন্থটিতে পিনাকী ভট্টাচার্যের ভূমিকার সীমাবদ্ধতাও স্পষ্ট করা হয়েছে। তাঁকে রাজপথের আন্দোলনের একক নেতা কিংবা সংগঠক হিসেবে উপস্থাপন করা হয়নি; বরং ডিজিটাল যোগাযোগ ও আন্দোলনের বয়ান নির্মাণের ক্ষেত্রে প্রভাবশালী অংশগ্রহণকারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তাঁর ভূমিকা শিক্ষার্থীদের নেতৃত্ব, মাঠপর্যায়ের সংগঠন কিংবা সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের বিকল্প ছিল না; বরং এসব উদ্যোগের সঙ্গে যুক্ত একটি সহায়ক যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করেছে। 

গ্রন্থটির ‘পিনাকী ফ্যাক্টর’ শীর্ষক আলোচনার শেষাংশে লেখক দেখিয়েছেন, আধুনিক গণআন্দোলনের সাফল্য কেবল মাঠের শক্তি কিংবা রাজপথের উপস্থিতির ওপর নির্ভর করে না। তথ্যপ্রবাহ, জনমত গঠন, আন্তর্জাতিক যোগাযোগ এবং আন্দোলনের নৈতিক অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই বিবেচনায় জুলাই গণঅভ্যুত্থানের সময় পিনাকী ভট্টাচার্যের ডিজিটাল কার্যক্রম আন্দোলনের পরিসর সম্প্রসারণে সহায়ক ভূমিকা রেখেছিল। তবে গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, পেশাজীবী, সাধারণ নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত অংশগ্রহণ, সংগ্রাম ও আত্মত্যাগ। 

এমডি সাইদুল ইসলামের ‘দ্য অ্যানাটমি অব রিভোল্ট’ গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’ বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ডিজিটাল ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে আলোচিত হয়েছে। লেখকের বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, একবিংশ শতাব্দীর রাজনৈতিক আন্দোলনে রাজপথের লড়াইয়ের পাশাপাশি তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ, প্রযুক্তির ব্যবহার, জনমত গঠন, বয়ান নির্মাণ এবং আন্তর্জাতিক সংহতি অর্জনের লড়াইও সমান তাৎপর্য বহন করে। জুলাই গণঅভ্যুত্থানে পিনাকী ভট্টাচার্যের ডিজিটাল ভূমিকা সেই বৃহত্তর বাস্তবতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।