দূতাবাসের আমন্ত্রণ ঘিরে বিতর্ক, অনুষ্ঠান বর্জন করলো ফ্রান্স বিএনপি
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত এক সাংবাদিককে আমন্ত্রণ জানানোর উদ্যোগ এবং ফ্রান্স বিএনপির কয়েকজন নেতার আমন্ত্রণপত্র পাওয়া নিয়ে জটিলতার জেরে অনুষ্ঠানটি বর্জন করেছেন সংগঠনটির একটি বড় অংশের নেতাকর্মী। এ ঘটনায় দূতাবাসের ভূমিকা, আমন্ত্রণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং কূটনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
গত ২১ নভেম্বর সন্ধ্যায় প্যারিস ১৬ এর সিটি হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সমাজকর্মী এবং প্রবাসী সাংবাদিকদের একটি অংশ অনুষ্ঠানে যোগ দেন।
তবে ফ্রান্স বিএনপির উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীর অনুপস্থিতি অনুষ্ঠানে আলাদা করে নজর কাড়ে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ বিন কাসেম ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় সময় টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি লুত্ফুর রহমান বাবুকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়। তবে ওই সাংবাদিক আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত, এমন অভিযোগ তুলে ফ্রান্স বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ আপত্তি জানায়। তাঁদের আপত্তির বিষয়টি এম এ তাহেরকে জানানো হলে তিনি নেতাকর্মীদের বিরোধিতার মুখে ওই প্রস্তাবে সম্মতি দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এম এ তাহেরের সঙ্গে ফার্স্ট সেক্রেটারি জনাব ওয়ালিদের মতবিরোধ তৈরি হয়। একই সময়ে ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুর রাহমান ও জমিয়তে ওলামার দুজন নেতাকর্মীর জন্য আমন্ত্রণপত্র চেয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
অভিযোগ রয়েছে, ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ বিন কাসেম প্রথম পর্যায়ে তাঁদের আমন্ত্রণপত্র দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন। পরে আমন্ত্রণপত্র দেওয়ার বিষয়ে আগ্রহ দেখানো হলেও ততক্ষণে সংশ্লিষ্টদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। ফলে এম এ তাহের আর আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেননি বলে জানা গেছে। ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ, আমন্ত্রণের ক্ষেত্রে দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তার আচরণে নিরপেক্ষতার ঘাটতি ছিল।
তাঁদের দাবি, আওয়ামী লীগঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের আমন্ত্রণের বিষয়ে আগ্রহ দেখানো হলেও বিএনপির কয়েকজন নেতার আমন্ত্রণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি করা হয়েছে। বিশেষ করে ওয়ালিদ বিন কাসেমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের মতে, একজন কূটনৈতিক কর্মকর্তার দায়িত্ব দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা।
এদিকে অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ফ্রান্স বিএনপির ভেতরেও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নেতাকর্মীদের একটি অংশ মনে করছে, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের রাষ্ট্রীয় আয়োজনে অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতের কোনো সুযোগ থাকা উচিত নয়। অন্যদিকে আমন্ত্রণপত্র নিয়ে সৃষ্ট জটিলতা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে।
প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করেন, বিদেশের মাটিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিটি আয়োজন জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতিফলন হওয়া উচিত। সেখানে রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে গুরুত্ব দেওয়া বা কাউকে উপেক্ষা করার অভিযোগ ওঠা কূটনৈতিক প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য বিব্রতকর। বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের মতো জাতীয় তাৎপর্যপূর্ণ আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা দূতাবাসের দায়িত্বের অংশ।
তবে এ ঘটনায় ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ বিন কাসেমের বক্তব্য জানা যায়নি।