এবার কোনোভাবেই কেন্দ্র দখল করতে দেওয়া হবে না: মঞ্জুল কবির

এবার কোনোভাবেই কেন্দ্র দখল করতে দেওয়া হবে না: মঞ্জুল কবির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনোভাবেই ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুল কবির। তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্রে সবার আগে নিজে অবস্থান করবেন। কেন্দ্র দখল করতে হলে আগে তার মাথা ফাটাতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনের সবুজ ছায়া রেস্টুরেন্টে আয়োজিত ঢাকাস্থ রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়ন ফোরামের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মঞ্জুল কবির বলেন, আগের নির্বাচনে আমাদের জেতার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। কিন্তু ভোটের দিন কেন্দ্র দখল হয়ে যাওয়ায় হিসাব পাল্টে গেছে। ওই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকার দলীয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে কিছু লোক সরাসরি কেন্দ্র দখল করেছিলেন বলে আমরা তথ্য পেয়েছিলাম। এছাড়া নির্বাচনে প্রশাসনের ভূমিকাও আশানুরূপ ছিল না। নির্বাচনের সময় একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের সঙ্গেও কাজ করতে হয়েছে।

এবারের নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগেরবারের মতো পরিস্থিতি এবার হবে না। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সবার আগে আমি অবস্থান করবো। কোনোভাবেই কেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আমার মাথাটা আগে ফাটাবে, এরপরে কেন্দ্র দখল হবে। এটা আগে নিশ্চিত দিচ্ছি, কোনোভাবে এবার কেন্দ্র দখলের কোনো চিন্তা কেউ করতে পারবে না ইনশাআল্লাহ।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ২০০ তরুণকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথাও জানান মঞ্জুল কবির। তিনি বলেন, যুব বিভাগের ২০০ তরুণকে নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। ভোটকেন্দ্র দখল প্রতিরোধে তরুণদের প্রস্তুত করতেই এ আয়োজন করা হচ্ছে।

সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীদের প্রসঙ্গে মঞ্জুল কবির বলেন, অধিকাংশ প্রার্থীর ভাবমূর্তি পরিচ্ছন্ন। প্রতিটি ওয়ার্ড থেকে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি আমরা। সুষ্ঠু নির্বাচন হলে ভোটারদের একটি ভালো প্রার্থীসমষ্টি উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি।

এ সময় নির্বাচনের অন্তত এক সপ্তাহ আগে থেকে প্রত্যেককে নিজ নিজ ওয়ার্ডে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ব্যক্তিদের দেওয়া পরামর্শও গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আশ্বাস দেন এই প্রার্থী।

ঢাকাস্থ ৭ নম্বর বামনী ইউনিয়ন ফোরামের সভাপতি এম এম আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ রায়পুর উপজেলা ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল আওয়াল রাসেল। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান ফিরোজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান রিপন, অ্যাডভোকেট আলমগীর হোসেন প্রমুখ।